দক্ষিণী সুপারস্টার তামান্না ভাটিয়া। বলিউডেও এখন তিনি নিয়মিত কাজ করছেন। অভিনয় জীবনে হিন্দি, তামিল ও তেলেগু ছবিতে কাজ করা তামান্না সম্প্রতি বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নিয়ে মুখ খুলেছেন।
রাজ শামানির সঙ্গে এক পডকাস্টে তামান্না তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলেছেন। পাশাপাশি কোন দিকটি মূলত দক্ষিণ ভারতীয় সিনেমাকে বলিউড সিনেমা থেকে পৃথক করেছে সেটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন, ‘আমি বিশেষভাবে যে পার্থক্যটি লক্ষ করেছি, সেটি হলো দক্ষিণী ছবিগুলো ভৌগোলিক অবস্থানের দিকটি অনেক বেশি ফুটিয়ে তোলে। তারা সিনেমার বিষয়বস্তু মূল গল্পের মধ্য দিয়ে সব সময় ফুটিয়ে তোলার চেষ্টা করে। তাই আমার মনে হয়, দক্ষিণী ছবিগুলো এখন আরও বেশি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।’
নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, ‘তারা মৌলিক মানবিক আবেগ নিয়ে কাজ করে। ছবিতে মা-বাবা, ভাই-বোনের প্রতি প্রতিশোধের সঙ্গে সম্পর্কিত গল্প সিনেমায় তুলে ধরে। তারা যেভাবে মৌলিক মানবিক আবেগ ফুটিয়ে তোলে, তেমনভাবে আর কেউ করতে পারে না। তারা তাদের শিকড়ের গল্প উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করে। আমার মনে হয়, এটিই তাদের সফলতার সবচেয়ে বড় কারণ।’
এর পরই বলিউডের সঙ্গে তুলনা করে তামান্না বলেন, ‘বলিউডে অনেক সময় ‘সবার চাহিদা পূরণের জন্য’ ছবি তৈরি করা হয়। অনেক সময়ই বিষয়টি হিতে বিপরীত কাজ করে। ফলে ছবির কাজ ভালো নাও হতে পারে।’
পাশাপাশি কিছুদিন আগে মুক্তি পাওয়া বলিউডের ‘লাপাতা লেডিস’কেও প্রশংসায় ভাসান এই বলিউড সুন্দরী।
উল্লেখ্য, বলিউডে তার সর্বশেষ অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমার ব্যাপক সফলতার পর প্রশংসায় ভাসছেন তামান্না। পরবর্তী সময়ে তেলেগু ছবি ‘ওডেলা ২’-এ দেখা যাবে তাকে।
/ফারজানা ফাহমি