বিনোদন জগতের সেরা ও সবচেয়ে সম্মানজনক পুরস্কারের আসর হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যা দুনিয়াব্যাপী সিনেমাপ্রেমীদের কাছে অস্কার হিসেবে অধিক পরিচিত। আজ বাংলাদেশ সময় ভোর ৫ টায় লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর। অনুষ্ঠানে দ্বিতীয় সর্বাধিক তিনটি বিভাগে অস্কার জিতেছে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে একজন ইহুদি স্থপতির হৃদয়স্পর্শী জীবন নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে।
আর এই ছবিতে অভিনয় করে দীর্ঘ ২২ বছর পর সেরা অভিনেতা বিভাগে অস্কার জিতেছে মার্কিন অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। এর আগে ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রথমবারের মত সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন তিনি। তখন এই অভিনেতার বয়স ছিল মাত্র ২৯ বছর। সেবার সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে সেরা অভিনেতার পুরস্কার জিতে কীর্তি গড়েছিলেন ব্রডি।
আর আজ ঠিক ২২ বছর পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ঘরে তুললেন এই অভিনেতা।
অস্কার জয়ে দারুণ উচ্ছ্বসিত মার্কিন তারকা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি এখানে এসেছি ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, যুদ্ধ এবং অবহেলিত মানুষদের প্রতিনিধিত্ব করতে। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি। আমার বিশ্বাস, ঘৃণা-মারামারি দিয়ে কখনও কিছু জয় করা যায় না। অতীতের দিকে তাকালেও আমরা এটাই দেখতে পাই।’ এছাড়াও পুরস্কার জয়ে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
/শাকিল