প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আবারও দেখা যাবে উপস্থাপক, নির্মাতা ও অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদকে। ‘ইফতারের রসুইঘর’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে বিটিভিতে তিনি আবার ফিরলেন। অনুষ্ঠানটি রমজান উপলক্ষে প্রচার করা হবে।
ঐন্দ্রিলা নতুন এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, ‘শৈশবে বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি। এ চ্যালেনটির সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। বিভিন্ন বেসরকারি চ্যানেল রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি।’
তিনি আরও বলেন, ‘প্রায় দুই দশক পর বিটিভি উপস্থাপনা করছি। অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। আয়োজনে এখানে একজন অতিথি থাকেন। তার সঙ্গে রান্না নিয়ে গল্প আড্ডায় দারুণ সময় কেটে যায়।’ ‘ইফতারের রসুইঘর’অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা।
এদিকে ঐন্দ্রিলা তার পিতা অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে একটি সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন বলা জানা যায়। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা আহমেদ বলেন, ‘আমি আব্বুর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছি। আশা করছি আমি সুন্দর কিছু করতে পারব। এরই মধ্যে আব্বুকে নিয়ে একটি ডকুমেন্টরি তৈরি করেছি, প্রশংসা পেয়েছি।’
সিনেমায় নায়ক হবেন কে, জানতে চাইলে ঐন্দ্রিলা বলেন, ‘কাকে নায়ক করব তা এই মুহূর্তে বলতে পারছি না। সিনেমার কাজ শুরু করলে এ নিয়ে ভাববো। যখন নির্মাণে হাত দেব, তখন যাকে আব্বুর চরিত্রে উপযুক্ত মনে হবে, তাকেই প্রস্তাব দেব।’
/রিয়াজ