গ্রেপ্তার হলেন ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও। বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। গত সোমবার (৩ মার্চ) রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, এই অভিনেত্রী এমিরেটসের একটি ফ্লাইটে করে দুবাই থেকে বেঙ্গালুরু এসেছিলেন। সন্দেহ হলে তাকে চেক করতে উদ্যত হন বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। এর পরই রান্যার কাছ থেকে তারা ১৪.৮ কেজি পরিমাণ স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হন। কর্মকর্তাদের ধারণা, দুবাই থেকে এই স্বর্ণগুলো নিয়ে এসেছেন তিনি।
আসলে হুট করেই এ কন্নড় অভিনেত্রীর দিকে যে পুলিশের নজর পড়েছে বিষয়টি এমন নয়। এই তারকা ঘনঘন বিদেশ ভ্রমণ করতেন আর এজন্যই তাকে পাচারের সঙ্গে যুক্ত আছেন এমন সন্দেহে নজরদারিতে রাখা হয়েছিল। জানা গেছে, তিনি স্বর্ণ নিজের পোশাকের ভেতর লুকিয়েও পাচার করার চেষ্টা করেছিলেন।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, রান্যা বিমানবন্দরে নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে কাস্টমস চেক পার করতে চেয়েছিলেন। কখনও কর্ণাটক পুলিশের মহাপরিচালকের মেয়ে পরিচয়ে তো আবার কখনও স্থানীয় পুলিশ সদস্যদের সাহায্য নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত রেহাই পাননি রান্যা।
প্রাথমিক তদন্ত শেষে জানা যায়, এই অভিনেত্রী বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন। অভিনেত্রীকে বর্তমানে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য, রান্যা রাওয়ের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। ছবিটিতে কাজ করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
/শাকিল/মেহেদী