ভারতের দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন। এতে জনপ্রিয় এই অভিনেতাকে দেখা গেছে ইসলামি পোশাকে।
গত শুক্রবার চেন্নাইয়ে থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম'র উদ্যোগে ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ তে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় থালাপতি বিজয় মুসলিমদের মতো সাদা পোশাক ও মাথায় টুপি পরে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নেন।
নায়কের এ অবতারের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন থালাপতি বিজয় রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন।
ইফতার পার্টিতে প্রায় ৩ হাজার লোকের আয়োজন করা হয়। এ ছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
সম্প্রতি থালাপতি বিজয় সিনেমাজগৎ থেকে বিদায় নিয়ে রাজনীতিতে পা রেখেছেন। গঠন করছেন নিজের রাজনৈতিক দল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলট গঠনের ঘোষণা দিয়ে তিনি সামনে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন।
মুসলিমদের মতো পোশাক ও ইফতার-নামাজে অনেকেই প্রশংসা করলেও অনেকেই আবার বলছেন নেহাত রাজনৈতিক প্রচারণার উদ্দেশেই এমনটি করেছেন ভারতের এ তারকা অভিনেতা।
মেহেদী/