হলিউড তারকা ড্যানিয়েল ক্রেগ। রুপালি পর্দার জেমস বন্ড হিসেবে যার দুনিয়াব্যাপী পরিচিতি। অথচ অভিনেতা তার এই ‘জেমস বন্ড’ খ্যাতিকেই কি না সবার থেকে বিচ্ছিন্নবোধ করার জন্য দায়ী করেছেন।
ড্যানিয়েল ক্রেগ প্রথম ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ শুরু করেন ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মধ্য দিয়ে। আর ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমায় একজন দুর্ধর্ষ স্পাই হিসেবে এই যাত্রা শেষ করেন। মাঝে এ সিরিজের কোয়ান্টাম অব সোলেস (২০০৮), স্কাইফল (২০১২), স্পেক্টর (২০১৫) ছবিতে অভিনয় করেছিলেন ক্রেগ।
সম্প্রতি ইতালির ‘ইল করিয়ের ডেলা সেরা’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ তারকা বন্ড চরিত্রে অভিনয় করার সময় তারকাদের অপ্রতিরোধ্য প্রকৃতির কথা তুলে ধরে বলেছেন, ‘কেউ আপনাকে বিখ্যাত হতে শেখাবে না। শুরুতে আমি লুকিয়ে ছিলাম, মানুষের আশপাশে থাকতাম না। পৃথিবীতে কীভাবে থাকতে হয় সেটাও প্রায় ভুলে গিয়েছিলাম। এভাবে আপনি আপনার জীবনের একটা অংশ হারাতে পারেন।’
উল্লেখ্য, এই সিরিজের বাইরে ক্রেগ ২০১৯ সালে ‘নাইভস আউট’ ছবিতে অভিনয় করে তার বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। সেখানে গোয়েন্দা বেনোইট ব্ল্যাঙ্কোর চরিত্রে এ তারকাকে দেখা গিয়েছিল। পরবর্তীতে ২০২২ সালে ‘গ্লাস অনিয়ন’-এ একই চরিত্রে তিনি ফের অভিনয় করেছিলেন।
ড্যানিয়েল ক্রেগ নতুন এই সাক্ষাৎকারে বর্তমান ডিজিটাল যুগে খ্যাতির প্রকৃতি নিয়েও আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি যেমন রাতারাতি জনপ্রিয়ও হতে পারেন, তেমনি জনগণ আপনার থেকে খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলতে পারে।’ এ ছাড়া শোবিজ অঙ্গনে স্থির থাকার গুরুত্বের ওপর জোর দিয়ে ক্রেগ বলেন, ‘অভিনয় নিজের সঙ্গে এবং আপনার চারপাশের মানুষের সঙ্গে সংযুক্ত থাকার একটি উপায় হিসেবে কাজ করতে পারে।’
সেরা অভিনেতা হিসেবে বাফটাজয়ী এ তারকা এর আগে ঠাট্টা করে বলেছিলেন, এই ফ্র্যাঞ্চাইজিতে আর কাজ করার চেয়ে দরকার পড়লে ‘নিজের হাতের কব্জি কেটে ফেলবেন’। বন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে মজা করার জন্য তিনি সুপরিচিত।
/রিয়াজ