ভারতে প্রফেশনাল ক্রিকেটের আদলে তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) প্রতিবছরই আয়োজন করতে দেখা যায়। প্রথমবারের মতো এবার বাংলাদেশেও আন্তর্জাতিক ক্রিকেটের সকল নিয়মকানুন অনুযায়ী তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামের এ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি আগামী ২৪ এপ্রিল-৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭ টি ও ২ টি থাকবে প্র্যাকটিস ম্যাচ। এর মধ্যে দিবারাত্রির ম্যাচও রয়েছে যেগুলো ফ্লাডলাইটের আলোয় খেলা হবে। তারকাদের এই প্রফেশনাল ক্রীড়া ইভেন্টটি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
গত সোমবার (২৪ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান এসএস স্পোর্টস এসব তথ্য জানায়। উক্ত অনুষ্ঠানে গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, স্পারটান্স নামে চারটি দল ঘোষণা করা হয়। ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি) হারল্যান, স্বপ্নধরা, গোল্ডস্যান্ডস গ্রুপসহ অন্যান্যরা টিম পার্টিসিপেন্টস হিসেবে অংশ নিচ্ছেন।
এদিকে সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আমিন খান, ইরফান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন ছাড়াও টি স্পোর্টস, আয়োজক প্রতিষ্ঠান এবং স্পন্সর কোম্পানির ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
/শাকিল