হলিউড অভিনেত্রী এলিজাবেথ ওলসেন। এই অভিনেত্রী জনপ্রিয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেই খ্যাতির শিখরে পৌঁছে গেছেন। অথচ মার্ভেলের এই সিনেমাগুলোই কিনা তার ব্যক্তিগত চলচ্চিত্রের রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়! প্রায় এক দশক ধরে মার্ভেলে ওয়ান্ডা ম্যাক্সিম ওরফে স্কারলেট উইচের চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রী সম্প্রতি এনপিআরের ওয়াইল্ড কার্ড উইথ র্যাচেল মার্টিন পডকাস্টে এমনটাই দাবি করেছেন।
এলিজাবেথ ওলসেন জানান, তিনি যে ছবিতেই অভিনয় করেন সেখানেই তার সৃজনশীল রুচি প্রমাণ করার চাপ অনুভব করেন। এই হলিউড তারকা বলেন, ‘আমি মনে করি ক্যারিয়ারে এ পর্যন্ত যতগুলো কাজ করেছি তার সবগুলো আমার ব্যক্তিগত রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখনও এই বিষয়টি অন্যদের বোঝানোর চেষ্টা করছি। কারণ মার্ভেলে এত বছর কাটিয়েছি যে আমার মনে হয়, আমার অন্য সব কাজর মধ্য দিয়ে আমার ব্যক্তিগত রুচির প্রতিফলন ঘটাতে হবে। কেননা আমি এই বিশ্বের অংশ হতে ভালোবাসি। তবে চরিত্রটির (মার্ভেল) সঙ্গে আমি যতটুকুই করতে পেরেছি তা নিয়ে আমি গর্বিত। এটি খুব বেশি উপভোগ না করলেও কাজের ব্যাপারে আমি ভীষণ সৎ ছিলাম।’
এলিজাবেথ প্রথম ২০১৫ সালের অ্যাভেঞ্জার্স: এজ অফ আল্ট্রনে স্কারলেট উইচ, ওরফে ওয়ান্ডা ম্যাক্সিমফের চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮), অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯) এবং ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস (২০২২) সহ আরও বেশ কয়েকটি মার্ভেল ছবিতে অভিনয় করেন। ডিজনি সিরিজ ওয়ান্ডাভিশন (২০২১)-এ তার অভিনয়ের জন্য তিনি সিনেমায় সেরা অভিনেত্রীর জন্য এমি মনোনয়নও অর্জন করেন। এলিজাবেথ পরে শেয়ার করেছিলেন যে তিনি মার্ভেলের সঙ্গে কাজের জন্য অত্যন্ত গর্বিত।
যদিও এলিজাবেথ গত বছর বলেছিলেন যে, ‘ভালোভাবে ব্যবহার করার সুযোগ থাকলে তিনি স্কারলেট উইচ হিসেবে পর্দায় ফিরে আসতে আগ্রহী।’ তবে গত মার্চে এ অভিনেত্রী জানান, তিনি রুশো ভাইদের আসন্ন দুটি অ্যাভেঞ্জার্স সিনেমা ‘ডুমসডে’ এবং ‘সিক্রেট ওয়ার্স’-এর অংশ হবেন না।
/শাকিল