দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা নয়নতারা ও আল্লু অর্জুন। ভারতজুড়েই দুজনের বিশাল ভক্তকুল রয়েছে। ইতোমধ্যে বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা।
২০১৬ সালে এই দুই তারকা এমন একটি মুহূর্তের জন্ম দিয়েছিলেন, যা এখনো ভক্তদের মধ্যে আলোচিত। সে বছর একটি পুরস্কার অনুষ্ঠানে লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা বিনয়ের সঙ্গে আল্লু অর্জুনের কাছ থেকে তার পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
২০১৬ সালের সেই পুরস্কার অনুষ্ঠানে নয়নতারা ‘নানুম রাউডি ধান’ সিনেমায় তার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। আল্লু অর্জুনের কাছ থেকে তার পুরস্কার গ্রহণের কথা ছিল। এই তেলেগু অভিনেতা যখন নয়নতারাকে পুরস্কার দিতে এগিয়ে আসেন তখনই তিনি সবাইকে একটি অপ্রত্যাশিত সুন্দর অনুরোধের মাধ্যমে অবাক করে দেন।

অভিনেত্রী হঠাৎ বলে ওঠেন, ‘যদি কিছু মনে না করেন, আমি নানুম রাউডি ধানের পরিচালকের কাছ থেকে এই পুরস্কারটি গ্রহণ করতে চাই।’
উল্লেখ্য, সেই পরিচালক ছিলেন অভিনেত্রীর তৎকালীন প্রেমিক বিগনেশ শিবান। ঘটনাটি আল্লুর জন্য বেশ বিব্রতকর হলেও নয়নতারার অনুরোধে সদয়ভাবেই সরে দাঁড়ান পুষ্পাখ্যাত এই অভিনেতা।
ঘটনাটি দুজনের ভক্তকুলের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। নির্মাতার থেকে পুরস্কার গ্রহণের সিদ্ধান্তটি অনেকে ভালোভাবে নিলেও কারো কারও মতে আল্লুকে প্রত্যাখ্যান করে নয়নতারা তাকে ‘অসম্মান’ করেছেন বলে তখন মন্তব্য করেছিলেন। তবে এ অভিনেত্রী বরাবরের মতো নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
/শাকিল