গত ঈদুল ফিতরে দেশজুড়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যে ছবিটি মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। প্রায় সবগুলো হলে বিশেষ করে মাল্টিপ্লেক্সে এখনও হাউসফুল যাচ্ছে সিনেমাটি। এবার জানা গেল, মুক্তির সাতদিনের মাথায় আয়ের দিক থেকে নতুন এক রেকর্ড গড়ল সিনেমাটি।
সম্প্রতি ‘বরবাদ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন প্রথম সাত দিনে সারাদেশে ছবিটির কত টাকার টিকেট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে সেই তথ্য জানিয়েছে। গতকাল (৮ এপ্রিল) রাতে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে তারা দাবি করেছে, মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’-এর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পর্যন্ত ‘বরবাদ’ ছবিটির ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রির হয়েছে। ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক।
বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।'
এর আগে ২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের ‘প্রিয়তমা’ অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছিল। সিনেমাটি সেবার মুক্তির এক মাসে ২৭ কোটি টাকা আয়ের রেকর্ড গড়েছিল বলে জানা গেছে। তবে এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাকিব খান। মুক্তির নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে এখনও প্রায় ৬৫টি শো চলছে বরবাদের।
রিয়েলি এনার্জি প্রোডাকশন এর এক সূত্রে জানা যায়, চলতি মাসেই এই সিনেমা যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশকিছু দেশে মুক্তি দেয়া হবে। সে হিসেবে আয়ের পরিমাণ শিগগিরই ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মাল্টিপ্লেক্সের বাইরে বর্তমানে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনেও সফলতা ধরে রেখেছে ‘বরবাদ’। শাকিব ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত প্রমুখ।
/শাকিল