বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। যদিও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ের চেয়ে আইটেম গানের কারণেই বেশি আলোচনায় থেকেছেন তিনি। গত বছর ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ আইটেম গানে পারফর্ম করে তুমুল প্রশংসায় ভেসেছেন তামান্না ভাটিয়া। আবারও আইটেম গানে হাজির হয়ে দর্শক হৃদয়ে ঝড় তুলবেন এই সুপারস্টার নায়িকা।
এবার অজয় দেবগনের ‘রেইড ২’ সিনেমার ‘নাশা’ শিরোনামের গান দিয়ে নতুন রূপে হাজির হবেন এই অভিনেত্রী। ছবিটির ট্রেলার সম্প্রতি মুক্তির পর ইতোমধ্যে দর্শকদের মাঝে ভাোলো সাড়া ফেলেছে। কিছুদিন আগে ‘নাশা’ গানে তামান্নার শুটিংয়ের ছোট একটি ক্লিপও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তখন থেকেই তামান্না ভক্তরা মুখিয়ে আছেন।

নেটিজেনদের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ‘রেইড ২’-এর নির্মাতাও ঘোষণা দিয়ে গতকাল (১১ এপ্রিল) ‘নাশা’ গানটি প্রকাশ করেন। সিনেমাসংশ্লিষ্টদের বিশ্বাস, তামান্নার এই গানটি তার অতীতের বাকি সব আইটেম গানের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। আশা করা হচ্ছে, গানটি ‘রেইড ২’কে বাণিজ্যিকভাবে সফলতা পেতে অনেক সহায়ক ভূমিকা রাখবে।

সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ‘কাভালা’ গানের মধ্য দিয়ে প্রথম আইটেম গানে নাচের পারদর্শিতা দেখান তামান্না। তামান্নাকে সর্বশেষ ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গানে দেখা গেছে। প্রসঙ্গত ‘রেইড ২’ সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, ভানি কাপুর, রজত কাপুর, সৌরভ শুক্লা প্রমুখ।
/শাকিল