হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘এনোলা হোমস’ যেটি রহস্য, অ্যাডভেঞ্চার এবং পারিবারিক সম্পর্কের মূল মিশ্রণ দিয়ে বিশ্বজুড়ে দর্শকহৃদয় জয় করেছে। ন্যান্সি স্প্রিংগারের লেখা উপন্যাস থেকে নির্মিত প্রথম দুই পর্বের পর এবার এটির তৃতীয় কিস্তি আসতে চলেছে।
‘হোয়াটস অন নেটফ্লিক্স’ নিশ্চিত করেছে, ইতোমধ্যে তৃতীয় কিস্তির কাজও শুরু হয়েছে। প্রথম দুই কিস্তির পর এই ছবিটিতেও বুদ্ধিমান এবং নির্ভীক এনোলা হোমসের ভূমিকায় পুনরায় পর্দায় ফিরছেন মিলি ববি ব্রাউন।

এর আগে দ্বিতীয় ‘এনোলা হোমস’ ছবিটি মুক্তির পরই সম্ভাব্য তৃতীয় কিস্তি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। পরে ২০২৩ সালে সত্যিই তৃতীয় ছবিটি নির্মাণের খবর প্রকাশ করা হয়। প্রোডাকশন উইকলির মতে, মূলত ২০২৫ সালের প্রথম দিকে এটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। জানা গেছে, নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন ফিলিপ বারান্তিনি।
গল্পের বিষয়বস্তু এখনো প্রকাশ করা না হলেও ভক্তরা ইতোমধ্যেই গল্পে কী ঘটবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগের ছবিগুলো আকর্ষণীয় গল্প এবং অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিল তাই নতুন সিনেমাটি থেকেও খুব ভালো কিছু প্রত্যাশা করছেন ভক্ত-অনুরাগীরা।

এই ‘এনোলা হোমস’ চরিত্রে অভিনয় করেই মিলি ববি ব্রাউন একজন বহুমুখী ও প্রতিভাবান তরুণ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই ভক্তদের প্রত্যাশা তৃতীয় কিস্তিতে আবারও এনোলা হোমসকে জীবন্ত করে তুলবেন মিলি।
এ ছাড়া শার্লক হোমসের চরিত্রে অভিনয় করা হেনরি ক্যাভিল এবং টিউকসবারি চরিত্রে অভিনয় করা লুই পার্ট্রিজও আসন্ন এ সিনেমায় থাকবেন বলে আশা করা হচ্ছে। তাদের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ‘এনোলা হোমস’ ভক্তদের সিনেমাটি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেবে।
/শাকিল