বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তার অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় থাকেন নানামুখী কর্মকাণ্ডের জন্য। মাঝেমধ্যেই লাগামহীন কথাবার্তার কারণে সংবাদের শিরোনাম হন এই অভিনেত্রী। এবার নতুন করে বিতর্কে জড়ালেন এই বলিউড সুন্দরী। এমনকি ঝামেলা শেষমেশ থানা পর্যন্ত গড়িয়েছে।
কিছুদিন আগে ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অভিনেত্রী দাবি করেছিলেন, ‘ভারতের উত্তরে আমার নামে একটি মন্দির আছে, এবার দক্ষিণেও চাই।’ উর্বশীর দাবি, বদ্রিনাথ মন্দিরের পাশে থাকা ‘উর্বশী মন্দির’ নাকি তার নামে নামাঙ্কিত করা হয়েছে। কথাটা মজার ছলে নয় বেশ গুরুত্ব দিয়েই তিনি এই দাবি করেছেন। আর এই মন্তব্যেই অনেকে তার উপর চড়াও হয়েছে।

কথার এক পর্যায়ে উর্বশী বলেন, ‘এবার দক্ষিণেও আমার নামে মন্দির চাই। দক্ষিণের অনেক ছবিতে আমি কাজ করেছি।’ অভিনেত্রীর এমন দাবিতে উত্তর ভারতের পুরোহিতরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
এর প্রেক্ষিতে চার ধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতি উর্বশী রাউতেলার এই দাবি প্রত্যাহার করে গতকাল শনিবার অভিনেত্রীকে ক্ষমা চাইতে বলেছেন। সঙ্গে দেহরাদূন থানায় ডিজিপি দীপম শেঠের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে দু’টি পৃথক অভিযোগ জমা দেন তারা। শিগগিরই অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশের কাছে আর্জিও জানান তারা।
এমনকি পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করলে তারা দুই সংগঠন এক হয়ে পদক্ষেপ নেয়ার কথা ভাববেন বলেও জানিয়েছেন।
/শাকিল