বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ বৈশাখ। এ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ‘তোমার সোনার তরী’ শিরোনামে একটি মৌলিক গানের ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন অনুরূপ আইচ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিন্নাহ খান। সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’-এর ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. বাবুল।
এ প্রসঙ্গে সংগীতশিল্পী জিন্নাহ খান বলেন, ‘আমার গানে বাণিজ্যকে প্রাধান্য দিই না। ভালো গানের পাশাপাশি বিশেষ কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকে গত বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিমউদ্দীনকে নিয়ে করব। এ রকম মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে অনেক গান করার ইচ্ছা রয়েছে। আর এ কনসেপ্টটি আমি পেয়েছি অনুরূপ আইচের থেকে।’
অনুরূপ আইচ বলেন, ‘আমাদের দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। কিন্তু জিন্নাহ খান আমার ব্যতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ায় আমার ইচ্ছামাফিক কিছু গান করতে পারছি। আমার বিশ্বাস, আমার লেখা ও সুরে ‘কাজী নজরুল’ গানের মতো রবীন্দ্রনাথকে নিয়ে গানটিও ইতিবাচক সাড়া ফেলবে।’
সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, ‘নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে এই গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে রবে বলে বিশ্বাস করি আমি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। আর বিষয়ভিত্তিক গান করতে পারার আনন্দটাই আলাদা।’
/শাকিল