এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। গান, সুর ও সংগীত দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তবে গানের মানুষ হলেও বর্তমানে অভিনয়েও ব্যস্ততা রয়েছে তার। অভিনেতা হিসেবেও প্রীতম হাসান এখন দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন। নিয়মিত কাজ করছেন ওয়েব সিরিজেও।
এদিকে জেফার রহমানও জনপ্রিয় কণ্ঠশিল্পী। কয়েক দিন আগেও তার গাওয়া ‘তীর’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। তার কণ্ঠে বেশ কিছু গান ইতোমধ্যেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। জেফারও গানের পাশাপাশি অভিনয়ে নাম লিখিয়েছেন। এবার প্রীতম ও জেফার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে আজ ৭ মে থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনে একফ্রেমে দাঁড়াবেন এই দুই সংগীত তারকা।
জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করবেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।
আজ বুধবার ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং, চলবে টানা ৫ দিন। এরপর কক্সবাজারের মনোরম লোকেশনে হবে এর বাকি অংশের দৃশ্যায়ন।
এ সম্পর্কে শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, ‘তুমি আমি শুধু’ রোমান্টিক ঘরানার একটি গল্পের প্রজেক্ট। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম এবং জেফার দুজনেই গানের মানুষ। এই দুজনকে নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ। আমার বিশ্বাস, দর্শকদের এই জুটি পছন্দ হবে।
উল্লেখ্য, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সর্বশেষ অভিনয় করেছেন শিহাব শাহীন পরিচালিত ‘অ্যালেন স্বপন সিজন ২’তে। আসছে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য নির্মিত হতে যাচ্ছে ‘তুমি আমি শুধু’।
/শাকিল