দক্ষিণী সিনেমার সুপারস্টার নায়িকা সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই নায়িকা। এরপর আস্তে আস্তে ফিরেছেন কাজে। দীর্ঘদিন ধরেই সিঙ্গেল লাইফ উপভোগ করছেন তিনি। এবার গুঞ্জন উঠেছে সামান্থা নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। এটাই এখন দক্ষিণী সিনেমার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
কিছু দিন আগেই ছড়িয়ে পড়েছিল তার একটি ভিডিও। সেখানে দেখা যায় চোখের জল মুছছেন এই অভিনেত্রী। অনেকেই ধরে নেন ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার জন্য সবার সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এবার জানা গেছে, সামান্থার জীবনে নাকি এসেছে নতুন মানুষ। শোনা যাচ্ছে, আবারও প্রেমে মজেছেন তিনি। সম্প্রতি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাম জড়িয়েছে তার। অনেক দিন ধরেই এই আলোচনা চলছে। কিন্তু সত্যিটা কী, তা এখনো জানা যায়নি।
শিগগিরই মুক্তি পাচ্ছে সামান্থা প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। তার আগেই নিজের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। যে ছবিতে দেখা গিয়েছে ‘সিটাডেল হানি বানি’ ছবির পরিচালক রাজও রয়েছেন। ছবি পোস্ট করে সামান্থা লেখেন, ‘পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।’
সামান্থার এই পোস্টের কারণেই প্রেমের ইঙ্গিত পেয়েছেন ভক্তরা। কেউ কেউ ধরে নিয়েছেন এই ছবির মাধ্যমেই নিজের সম্পর্কের আভাস দিয়েছেন এই তারকা অভিনেত্রী।
তবে সামান্থা বিষয়টি বেশিদূর গড়াতে দেননি। স্পষ্ট করেই বলে দিয়েছেন, নতুন শুরুর মানে হলো প্রযোজক হিসেবে তার নতুন যাত্রা শুরু। এ মুহূর্তে কোনো সম্পর্কেই তিনি নেই।
/রিয়াজ