দেশবরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আজ শনিবার (১০ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সকাল সাড়ে ৬টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে তার দাফন সম্পন্ন করা হয়।
পরিবারের পক্ষ থেকে মুস্তাফা জামান আব্বাসীর নাতি আলভী আশরাফ সংবাদমাধ্যমকে জানান, বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মুস্তাফা জামান আব্বাসীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা পল্লিগীতির কিংবদন্তি আব্বাসউদ্দীন আহমদ ও মা লুৎফুন্নেসা আব্বাসের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বহুমাত্রিক এই সংগীতজ্ঞের ছোট মেয়ে শারমিনী আব্বাসী জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় তার বাবা মুস্তাফা জামান আব্বাসী ভুগছিলেন। সর্বশেষ শুক্রবার হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ শনিবার ভোর সাড়ে ছয়টায় এই কিংবদন্তি সংগীতশিল্পী শেষনিশ্বাস ত্যাগ করেন।
/শাকিল