মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সম্প্রতি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা এম ভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে একাধিক নারীকে প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গত পরশু শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। প্রকাশ্যে নারীদের এভাবে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এবার এই বিষয়ে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও রুকাইয়া জাহান চমক। ‘দাগি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হওয়া অভিনেত্রী সুনেরাহ নিজের ফেসবুকে এ ঘটনার ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। ক্যাপশনে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করে তিনি লেখেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার।’
এদিকে এ ঘটনায় আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে সেই ঘটনার দুটি ছবি প্রকাশ করে চমক লেখেন, ‘এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে!’
এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেহাল আহমেদ জিহাদ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা ও মব নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। এই ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
/শাকিল