জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি হিসেবে সর্বত্র সমাদৃত। তার গান দেশের যেকোনো আন্দোলন-সংগ্রামে সবসময়ই প্রেরণা হিসেবে কাজ করেছে। যার সবশেষ উদাহরণ সাম্প্রতিক দেশের ছাত্র-জনতার অভ্যুত্থান। এবার বিদ্রোহী কবির উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।
এই অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আগামী ৩০ মে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি কনসার্টেরও আয়োজন করেছে তারা। অনুষ্ঠিতব্য এ কনসার্টে দেশের মোট ১০টি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। অ্যালবামে থাকা গানগুলোর বাইরেও কবি নজরুলের আরও কিছু উদ্দীপনামূলক গান কনসার্টে পরিবেশন করা হবে। সঙ্গে নজরুলের কবিতা আবৃত্তিসহ আরও কিছু আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে।
এই অ্যালবামে অংশ নেবে- ‘সোলস’, ‘দলছুট’, ‘ওয়ারফেজ’, ‘আর্ক’, ‘শিরোনামহীন’, ‘এমএনবি’, ‘রেবেল’, ‘ব্ল্যাক’, ‘এফ মাইনর’ ও ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ড। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে আয়োজিত কনসার্টটি সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবে।
এ প্রসঙ্গে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার এজেন্ডায় এই অ্যালবাম ও কনসার্ট ছিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। এই যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের দিকে এগোচ্ছি, নজরুলের গান কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই অ্যালবামটিকে আমরা একটা দায় হিসেবে নিয়েছি।’
‘গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। ৩০ মে অ্যালবামটি প্রকাশ পাবে, সে উপলক্ষেই এ কনসার্ট’- যোগ করেন তিনি।
উল্লেখ্য, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘কারার ঐ লৌহ-কবাট, ‘এই শিকল-পরা ছল্’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’, ‘জয় হোক জয় হোক’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’-এর মতো গানগুলো দিয়ে এই অ্যালবামটি তৈরি করা হচ্ছে। অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।
/শাকিল