নাট্যদল প্রাঙ্গণেমোরের নাটক ‘শেষের কবিতা’। আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
এতে অভিনয় করেছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নাসরীন মিশু, বাঁধন সরকার, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম হাসান ও ফারজু ফারহান। নাটকে মঞ্চ করেছেন ফয়েজ জহির, আলো তোফিক আজীম রবিন, সংগীত রামিজ রাজু, পোশাক নূনা আফরোজ, কোরিওগ্রাফি ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জা জনি সেন।
নাটকে দেখা যাবে- শিলং পাহাড়ের পথে বিপরীতমুখী দুটি গাড়ির পরস্পর আকস্মিক দুর্ঘটনায় পরিচয় হয় বিলেতফেরত ব্যারিস্টার অমিত রায় ও লাবণ্যর। নির্জন পাহাড়ের সবুজ অরণ্য ঘেরা দুর্লভ অবসরে দুজন-দুজনকে দেখে মুগ্ধ হয়। যার পরিণতি ভালোবাসায়। যে লাবণ্য কেবলই বই পড়বে আর পাস করবে, এমনি করেই তার জীবন কাটবে ভেবেছিল। সেই লাবণ্য হঠাৎ আবিষ্কার করল সেও ভালোবাসতে পারে।
আর অমিত তো মেয়েদের কাছে সোনার রঙের দিগন্ত রেখা, ধরা দিয়েই আছে, তবু ধরা দেয় না। রুচির তৃঞ্চা মিটিয়ে কত সুন্দরী মেয়েদের পাশ কাটিয়ে এসেছে এতকাল। সেই অমিত বন্দি হলো লাবণ্যর প্রেমে। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।
/শাকিল