বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি এই তারকার মুম্বাই সফর ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাকে নির্মাতা ফারহান আখতারের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ অফিস থেকে বের হতে দেখা গেছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই মুহূর্তটি দেখে ভক্তরা ধারণা করছেন, রণবীর সিংয়ের বিপরীতে বহুল প্রতীক্ষিত ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে কৃতিকে প্রধান নারী চরিত্রে দেখা যেতে পারে।
এমন ধারণার জন্য অবশ্য যুক্তিও রয়েছে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী, কিয়ারা ‘ডন ৩’ ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে চুক্তিবদ্ধ হলেও মাতৃত্বকালীন অবস্থার কারণে ছবিটি থেকে সরে আসেন। ফলে তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন অভিনেত্রী খুঁজছিলেন ফারহান। এই পরিস্থিতিতে কৃতি শ্যাননের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়।
অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানা গেছে, কৃতি বর্তমানে ধানুশের সঙ্গে ‘তেরে ইশক মে’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। সেই ছবির কাজ শেষ করেই তিনি তার ‘পরবর্তী বড় প্রকল্পের’ কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে। তবে সেই বড় প্রকল্পটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘ডন ৩’-এর প্রথম ধাপের শুটিং শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই ধাপে রণবীর সিং সম্ভাব্য প্রতিপক্ষের চরিত্রে থাকা বিক্রান্ত ম্যাসির সঙ্গে কাজ শুরু করবেন।
কৃতি শ্যাননকে সর্বশেষ ‘দো পাত্তি’ সিনেমায় দেখা গিয়েছিল, যে সিনেমায় তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন। এটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রিমিয়ার করা হয়। প্রসঙ্গত, ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম ২০২৩ সালের ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও এখনো এর অভিনয়শিল্পীদের নিয়ে কোনো ঘোষণা আসেনি।
/এমএস