জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মামুনুর রশীদ এবার নির্মাণ করলেন ১০০ পর্বের ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’। এই ধারাবাহিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আবুল কালাম আজাদ, শামীমা তুষ্টি, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ, সুষমা সরকার প্রমুখ।
নাটকটি সম্পর্কে নির্মাতা জানিয়েছেন, এটি প্রেমের গল্প নয়, দেশপ্রেম ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে।
নতুন নাটক প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘দর্শক ধারাবাহিকে যে ধরনের গল্প দেখতে চায় এটি তেমনই। আমাদের পরিবারে নানা সমস্যা থাকে। সেগুলো ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। আজকাল নির্মাণ কমিয়ে দিয়েছি। বেশ বিরতির পর কোনো ধারাবাহিক নাটক করেছি। আশা করছি, ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’
ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’ আগামী ২৮ জুন থেকে চ্যানেল আইতে সপ্তাহের প্রতি শনিবার থেকে বুধবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।
/আবরার জাহিন