এবার সংসার ভাঙনের সুরে আটকা পড়লেন জনপ্রিয় হলিউড তারকা জুটি কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। প্রায় এক দশক একসঙ্গে সংসার করার পর সম্পর্কের ইতি টানলেন তারা। তবে তাদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, প্রাক্তন এই দম্পতির সম্পর্ক বিষাদে রূপ না দিয়ে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সংসারে ৪ বছরের এক কন্যা সন্তান (ডেইজি ডোভ) রয়েছে।
জানা গেছে, গত কয়েক মাস ধরেই তাদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। ফলে অনেকদিন ধরেই তারা আলাদা থাকছেন। পরিস্থিতি আরও চরম পর্যায়ে যায়, এই গায়িকা তার লাইফটাইমস ট্যুর শুরু করার পর থেকে। এ সময়েই তাদের সম্পর্কের ফাটল আরও বেশি প্রত্যক্ষ হয়ে ওঠে।
প্রসঙ্গত, কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম একসঙ্গে ২০১৬ সালে ডেটিং শুরু করার পর ২০১৯ সালের ভালোবাসা দিবসে বাগদান সম্পন্ন করেন। তবে এরপর তারা আর বিয়ে করেননি। এভাবেই সম্পর্কের পরবর্তী ছয় বছর কাটিয়ে দিয়েছেন তারা। বাগদান করেও এই দম্পতি কখনোই বিয়ের পরিকল্পনা করেননি।
এর আগে ২০২৩ সালে কেটি পেরি এবং পরের বছর অরল্যান্ডো ব্লুম তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। ট্রেভর নোহকে দেয়া সাক্ষাৎকারে ব্লুম সেবার বলেছিলেন, ‘আমাদের দুজনেরই ভালো ক্যারিয়ার এবং জীবন রয়েছে। জীবন কখনও কখনও একটি মহাবিশ্বের মতো মনে হয়। ইচ্ছে হয়, আমি কেবল তার কাছে ফিরে আসি এবং তার হাত ধরে তাকে বালির গর্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি! মাঝে মাঝে আমার এমনও মনে হয়, আমরা কেবল একটি বালির দুর্গ তৈরি করছি।’
দুই বছর আগে ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে পেরিও জানিয়েছিলেন যে, নিজেদের সংসার টিকিয়ে রাখতে তারা সর্বাত্বক চেষ্টা করছেন। উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে পেরি-ব্লুমের সংসারে একমাত্র কন্যা সন্তান ডেইজি ডোভের জন্ম হয়।
/এমএস