দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলার গণ্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। বর্তমানে সিনেমার কাজে ভারতের কলকাতায় রয়েছেন এই লেডি সুপারস্টার। আগামী ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত কলকাতার নতুন সিনেমা ‘ডিয়ার মা’।
অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই টলিউডের সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া। সেই ছবির ট্রেলার প্রকাশ হয় গত ৩ জুলাই। ছবির ট্রেলার মুক্তির পর দুই বাংলার অনেক তারকা ও ভক্তরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ছবিটি নিয়ে জয়া আহসান এবং পরিচালক অনিরুদ্ধ রায়চোধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।
এবার জয়া আহসান এবং ছবিসংশ্লিষ্টরা সত্যি সত্যিই চমকে গেলেন। কারণ উপমহাদেশের শীর্ষ অভিনেতা অমিতাভ বচ্চন তার ফেসবুক পেজে জয়া আহসানের মুক্তি প্রতীক্ষিত সিনেমার ট্রেলার শেয়ার করেছেন।
গতকাল শুক্রবার (৪ জুলাই) সকালে এই সিনেমার ট্রেলার শেয়ার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউডের কিংবদন্তি এই অভিনেতা।
যদিও শেয়ারে জয়া আহসানের নাম আলাদা করে উল্লেখ করেননি তিনি। তবে টনি দা নামের একজনকে শুভকামনা জানিয়ে বিগ-বি তার পোস্টে লিখেছেন, ‘টনি দা, সব সময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে।’
জয়া জানান, নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাকনাম টনি! অমিতাভ বচ্চন যার নির্মাণ পছন্দ করেন। অনিরুদ্ধর আলোচিত বলিউড নির্মাণ ‘পিংক’-এ দেখা মিলেছে অমিতাভের। সেই সূত্রেই অভিনেতার এই অভিবাদন পোস্ট।
বলিউডের খ্যাতিমান অভিনেতার ফেসবুক ওয়ালে জয়ার সিনেমা নিয়ে পোস্ট দেওয়ায় অনেকেই শুভেচ্ছা বার্তায় ভাসিয়েছেন এই সুপারস্টার অভিনেত্রীকে। অমিতাভ বচ্চনের পোস্ট শেয়ার করে জয়া লিখেছেন, ‘মুগ্ধতা দিয়ে শুরু হলো শুক্রবার।’
এর আগে বলিউডের ‘কড়ক সিং’-এ অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন জয়া। এবার ‘ডিয়ার মা’তেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
ছবিটি নিয়ে জয়া গণমাধ্যমে বলেছিলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার… এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করলাম।’
এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন প্রমুখ।
উল্লেখ্য, জয়া প্রায় এক বছর পর কলকাতার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। গত ১৪ জুন মহরতের মধ্য দিয়ে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছে। এ সিনেমার প্রথম পর্ব সুপারহিট ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি। এই তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়।
এ ছাড়া দেশের প্রেক্ষাগৃহে চলছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই ছবি দুটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।
/এমএস