১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ডের’ যাত্রা শুরু। গত বুধবার মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। আর মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ দাপট দেখিয়েছে সিনেমাটি।
গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত 'জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ- ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের চতুর্থ সিনেমা এবং ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত মাইকেল ক্রাইটনের উপন্যাস অবলম্বনে প্রথম ‘জুরাসিক পার্ক’ মুক্তির পর থেকে সিরিজের মোট সপ্তম সিনেমা এটি।
রবিবার (৬ জুলাই) স্টুডিও থেকে জানানো হয়েছে, ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এ ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। এ পর্যন্ত ৩১৮ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি।
আন্তর্জাতিক বাজারে চীনসহ ৮২টি দেশে ছবিটি মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে প্রথম পাঁচ দিনে আয় ১৭১ মিলিয়ন ডলার। শুধু চীনেই আয় হয়েছে ৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার। সেখানে ছবিটি ৬৫ হাজার পর্দায় চলেছে, যার ৭৬০টি ছিল আইম্যাক্স স্ক্রিন। এটিই চলতি বছরে চীনে সবচেয়ে বড় ‘মোশন পিকচার অ্যাসোসিয়েশন’ (এমপিএ) মুক্তির রেকর্ড গড়েছে।
এদিকে উত্তর আমেরিকার ৪ হাজার ৩০৮টি প্রেক্ষাগৃহে পাঁচ দিনে ছবিটির আয় ১৪৭ দশমিক ৩ মিলিয়ন ডলার। এর মধ্যে তিন দিনের ‘সাপ্তাহিক ছুটি’ (শুক্রবারের স্বাধীনতা দিবসের ছুটি, শনিবার ও রবিবারের সম্ভাব্য বিক্রির হিসাব) মিলিয়ে আয় ৯১ দশমিক ৫ মিলিয়ন ডলার।
সিনেমাটির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে ডাইনোসরের ডিএনএ নিয়ে এক ভয়ংকর শিকার অভিযানের দিকে গল্প এগোয় যেখানে এবার ডাইনোসর বানানো নয়, বরং হৃদরোগের চিকিৎসার জন্য ডিএনএ সংগ্রহই মূল লক্ষ্য।
মেহেদী/