এক সময় বলিউডের অন্যতম আলোচিত মুখ ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বানায়া আপনে’, ‘গুড বয় ব্যাড বয়’ সিনেমায় অভিনয় করে পেয়েছিলেন খ্যাতি। এবার এই নায়িকা নতুন করে আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। নিজ বাড়িতে হেনস্তার শিকার হয়েছেন এই বলিউড তারকা।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে এমন দাবি করেন। এমনকি ভিডিওতে কান্নারত তনুশ্রীকে তার ভক্তদের কাছে সাহায্য চাইতেও দেখা যায়। ভিডিওতে অভিনেত্রীকে খুব বিপর্যস্ত অবস্থায় দেখা যায়।
এর আগে ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির হেনস্তার অভিযোগ এনে আলোচনায় আসা তনুশ্রী ভিডিওতে কাঁদতে কাঁদতে বলেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই। গত চার-পাঁচ বছর ধরে আমার উপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।’
তবে এভাবে হেনস্তার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি তার বাড়ির বাইরেও লোকদের থেকে নাকি বাজে মন্তব্য শুনতে হচ্ছে তাকে। তাই ভক্তদের কাছে সাহায্যের আবেদন জানান তনুশ্রী। ভক্তরাও তাকে সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়েছেন।
/এমএস