রাজধানী ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে গত সোমবার (২১ জুলাই) বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জন, আহত দেড় শতাধিক। মর্মান্তিক এ ঘটনায় দেশের সব শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও মর্মাহত। অনেকেই ফেসবুকে শোক এবং সমবেদনা জানিয়েছেন।
এই ঘটনার পর থেকেই হতাহতদের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য দেখা যাচ্ছে। এর মধ্যে বেশকিছু যাচাই-বাছাইহীন তথ্য। এ বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া পোস্টে এ নির্মাতা বলেন, ‘‘আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘণ্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন, যার হেডিং ছিল ‘মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না!’ তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।
ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এ রকম ট্রমাটিক (আঘাতজনক) একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।’’
‘‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন-এই সবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে’’- আরও যোগ করেন তিনি।
এই দুর্ঘটনায় আহতদের অনেকেই বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
/এমএস