জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এই অনুষ্ঠানের প্রতি দর্শকদের আলাদা মনোযোগ থাকে। এবার জানা গেল ১৬ বছর আগে বুড়িগঙ্গার তীরে ধারণ করা ‘ইত্যাদি’-এর একটি বিশেষ সংকলিত পর্ব আবারও আসছে টেলিভিশনের পর্দায়। আজ ১ আগস্ট, শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টা বাংলা সংবাদের পর প্রচারিত হবে এই পর্বটি।
জানা গেছে, ২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিল এটি। ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে বুড়িগঙ্গা নদীর তীরে এক উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল পর্বটি। বরাবরের মতোই অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।
আহসান মঞ্জিল একসময় ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর।
এই সংকলিত পর্বে থাকছে বৃষ্টিভেজা নিয়ে একটি গান। গানটি পরিবেশন করেছেন খ্যাতিমান সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত আলী আকবর রুপু।
অনুষ্ঠানের অন্যান্য অংশে থাকছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের সংগ্রামী জীবনের গল্প। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন ও তার ‘আম চিঠি’ প্রকল্প নিয়েও থাকছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন।
নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মণ্ডলের সংগ্রামী জীবনের অনুপুঙ্খ বিবরণও দেখানো হবে। যিনি জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন দেশের প্রাচীন নিদর্শন সংগ্রহে। পাশাপাশি ভারতের আগ্রা থেকে প্রেরিত তাজমহলবিষয়ক একটি বিদেশি তথ্যচিত্রও দেখানো হবে।
সংকলিত এই পর্বে আরও থাকছে ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ের জনপ্রিয় নাট্যাংশ, যেগুলো সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়বস্তু নিয়ে তৈরি করা হয়েছে। দর্শকদের পছন্দের বিভাগ নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্রও থাকছে ‘ইত্যাদি’র বিশেষ এই পর্বে।
/আবরার জাহিন