দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘পদাতিক’। এটি নির্মাণ করেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি টিভির পর্দায়ও ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায়।
সিনেমাটি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আর বাংলাদেশে মুক্তি দেওয়া হয়নি। এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ নির্বাচিত হয়েছে সিনেমাটি।
গত ১ আগস্ট শুরু হওয়া উৎসবে ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে এই সিনেমাটি নির্বাচিত হয়েছে। পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়।
গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া উৎসবটিতে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আবর্ত’ প্রদর্শিত হয়েছে। গত ২ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে দেখানো হয়েছে সিনেমাটি।
মাহামুদুল হাসান টিপু পরিচালিত ২৪ মিনিটের এই স্বল্পদৈর্ঘ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মোশাররফ ও জুঁই। এর চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ।
/এমএস