দক্ষিণের তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা মাধান বব। গত শনিবার ২ আগস্ট সন্ধ্যায় আদিয়ারে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বড় পর্দায় সহযোগী অভিনেতা হিসেবে খ্যাতিমান মাধান বব বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘ভানামে এল্লাই’, ‘থেভার মাগান’, ‘পাত্তুকোট্টাই পেরিয়াপ্পা’, ‘নম্মাভার, সাথী লীলাবথি’, ‘থেনালি’, ‘সুন্দরা ট্রাভেলস’ এবং ‘পুভ উনাক্কাগা’। এছাড়া আরও কিছু তামিল এবং মালায়লাম সিনেমায় অভিনয় করেছেন তিনি। সঙ্গে একটি হিন্দি ছবিতেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে খ্যাতি অর্জন করেন মাধান।
সিনেমার পাশাপাশি এক সময়ের ছোট পর্দার পরিচিত মুখ এ অভিনেতা টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আসথাপোভাধু ইয়ারু’-তে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মাধান ববের প্রয়াণে খ্যাতিমান পরিচালক কে. বালাচাঁদের দীর্ঘদিনের সহকারী এন. মোহন অভিনেতাকে স্মরণ করে বলেন, ‘কেবি স্যার তার অভিনয় দেখেছিলেন এবং তার হাসিতে মুগ্ধ হয়ে তাকে “ভানামে এল্লাই” সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন। তাকে আবার “জাথি মাল্লি”তে অভিনয় করানো হয়েছিল।
মাধন বব খুব ভাল মানুষ ছিলেন। তার প্রথম দিকে তিনি ট্রিপলিকেন থাকতেন। পরে পরিবারটি আদিয়ারে চলে আসেন, তার আত্মার চিরশান্তি কামনা করি’।
এই গুণী অভিনেতার মৃত্যুতে দক্ষিণী সিনেমাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
/এমএস