আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আজ ৮ আগস্ট এবং আগামীকাল প্রদর্শিত হবে মঞ্চনাটক ‘সংস অব হকারস’। এটি একটি কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক মঞ্চনাটক, যা রাস্তার হকারদের জীবনধারাকে তুলে ধরেছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন যাযি আয়ুন। নির্দেশকের দীর্ঘদিনের আগ্রহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে কাজ করা। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন বাংলাদেশি হকারদের চঞ্চল, বর্ণিল ও কর্মচঞ্চল জগৎ— যারা শহরের রাস্তায় ঘুরে ঘুরে নানা পণ্যের ডাক দিয়ে শহরে ছন্দ সৃষ্টি করেন।
নাটকটি তিনটি ছোট গল্পের মাধ্যমে বিন্যস্ত— ‘দ্য সিক্রেট’, ‘দ্য রিওয়ারডেড’, ‘দ্য কমপিটিশন’। যেখানে কৌতুক, ব্যঙ্গ এবং অদ্ভুততার মিশেলে রচিত হয়েছে এক অনন্য ভিজ্যুয়াল গল্পকথন। বাংলা ও ভাঙা ভাঙা ইংরেজির সংমিশ্রণে সংলাপ পরিবেশনের মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে থিয়েটার, নৃত্য, পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের চমৎকার এক সমন্বয়। চরিত্রগুলো তাদের অসম্পূর্ণতা ও হাস্যরস দিয়ে আমাদের মন ছুঁয়ে যায়— ঠিক যেমন বাস্তব জীবনের মানুষজন।নাটকটির প্রেরণা এসেছে ঊনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল (গ্র্যান্ড গুইনিওল) থেকে, যা শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জিত অভিনয়ের মাধ্যমে বাস্তবতাকে রূপায়িত করে।
প্রযোজনাটি শুধু একটি কমেডি নয়, এটি এক ধরনের শ্রদ্ধার্ঘ্য। তাদের প্রতি শ্রদ্ধা- যারা প্রতিদিন আমাদের শহরের পথঘাটে ফেরি করে ফেরে, সাশ্রয়ী ও সহজলভ্য পণ্য নিয়ে এবং যাদের অনর্গল ডাক এক ধরনের অনির্দেশ্য কাব্যিকতা যোগ করে।অভিনয়ে রয়েছেন- ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল, সুরাইয়া টি. মৌ। নাটকটি সবার জন্য উন্মুক্ত।