বলিউডের নবাব সাইফ আলি খান। মূলত পতৌদি পরিবারের বংশধর হওয়ায় এই নামে তার পরিচিতি আছে। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে প্রেম করেন সাইফ। পরে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ-কারিনা। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। কিন্তু নতুন করে গুঞ্জন উঠেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।
এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান। এই পাক সাংবাদিকের ভাষ্যমতে, সাইফ ও কারিনার দাম্পত্য জীবনে নাকি জটিলতা ক্রমশই বাড়ছে। এক ভারতীয় সূত্রেই এ তথ্য পেয়েছেন বলে জানান তিনি। তবে এমন দাবির বিষয়ে কোনরকম তথ্য-প্রমাণ দেখাতে পারেননি মুবাসের।
এই সাংবাদিক জানান, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে। শুধু তাই নয়, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন। কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করতে রাজি নন। এ বিষয় নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে।
এর মাঝেই আরও বিস্ফোরক দাবি করেন পাক সাংবাদিক। তিনি বলেন, সাইফ আলি খানের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত ছিলেন।
তবে এ দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
/এমএস