সম্প্রতি প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ভারত ও ভারতের বাইরে কোটি কোটি ভক্ত-অনুরাগী আছে তার। ক্যারিয়ারের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেয়ার পাশাপাশি দেশে-বিদেশে জিতেছেন অনেক পুরস্কার। অথচ বলিউড বাদশাহ হিসেবে পরিচিত সেই শাহরুখই নাকি দক্ষিণী তারকা কমল হাসানের কাছে কিছুই না।
‘কিং খান’ নাকি অভিনয়ে কমল হাসানের পায়ের ধুলোরও সমান না। সম্প্রতি এ বলিউড অভিনেতাকে কটাক্ষ করে এমনই এক মন্তব্য করেছেন বলিউডে খর্বকায় অভিনেতা হিসেবে পরিচিত এমএম ফারুকী ওরফে লিলিপুট। তবে শাহরুখকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা ইন্ডাস্ট্রির অনেকেই খুব ভালোভাবে নেয়নি।
‘জিরো’ সিনেমায় খর্বকায় চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর বলিউড থেকে দীর্ঘ বিরতি নেন তিনি। সেই সিনেমা নিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেন লিলিপুট।
তিনি বলেন, ‘অন্ধ মানুষের চরিত্রে কাজ করা খুব একটা কঠিন নয়; কিন্তু খর্বকায় মানুষের চরিত্রে অভিনয় করা মোটেই সহজ কিছু নয়। খর্বকায় ব্যক্তিদের চলাফেরা আর পাঁচজনের মতোই স্বাভাবিক। শুধু তাদের শারীরিক উপস্থিতিই দেখতে অন্য রকম লাগে।’
লিলিপুট আরও বলেন, ‘একজন মানুষ কীভাবে খর্বকায় সাজবে? প্রযুক্তির মাধ্যমেই তাকে ছোট করে দেখানো হবে। আমরা সবাই জানি, আপনি (শাহরুখ) সুপুরুষ ও মিষ্টি। আপনার বিষয়ে আমাদের ধারণা এটাই। তাই সিনেমায় আমরা কোনো খর্বকায় ব্যক্তিকে দেখিনি। আমরা দেখেছি এক নায়ককে, যাকে প্রযুক্তির মাধ্যমে ছোট দেখানো হয়েছে। আপনাদের চিত্রনাট্যই বা কী বোঝাতে চেয়েছে?’
এমনকি শাহরুখ খান দক্ষিণের কমল হাসানকে নকল করেছেন বলেও দাবি করেছেন লিলিপুট। অভিনেতা জানান, আপ্পু রাজার বুদ্ধিমত্তা দেখা উচিত। কমল হাসানকে কিন্তু বদলে ফেলতে হয়নি। খর্বকায় ব্যক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় অনুসরণ করেছেন তিনি।
খর্বকায় ব্যক্তিদের চেহারায় কিছু বৈশিষ্ট্য থাকে। তাদের আঙুলগুলো খাটো হয়। হাতগুলো হয় মোটা। মুখ ও পা অন্য রকম হয়। এ বিষয়গুলো যদি তুলে ধরতে না পারেন, তা হলে সিনেমা করার দরকার কি?
এরপরই তিনি শাহরুখকে কমল হাসানের সঙ্গে তুলনা করে কটাক্ষ করে বলেন, ‘আপনি কমলজিকে নকল করতে চাইছেন? ওর অভিনয়ের পায়ের ধুলোর সমানও আপনি নন।’ লিলিপুটের এই মন্তব্যে বলিউডে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
/এমএস