সম্প্রতি মুক্তি পেয়েছে টালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর নতুন সিনেমা ‘ধূমকেতু’। নয় বছর আগে সিনেমাটির কাজ শেষ হয়েছিল। কিন্তু নানা কারণে এতদিন মুক্তি দেওয়া সম্ভব না হলেও অবশেষে গত ১৪ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে আসে। এক দশক পর রুপালি পর্দায় দেব-শুভশ্রী জাদু দেখতে তাদের অনুরাগীরাও মুখিয়ে ছিলেন। ভক্তরাও নিরাশ হননি।
প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ২ দশমিক ১৮ কোটি রুপি আয় করেছে ছবিটি। প্রথম তিন দিনে সিনেমার মোট আয় ৭ দশমিক শূন্য ৭ কোটি রুপি। যদিও তৃতীয় দিনে আয় কিছুটা কমে গিয়েছিল, তবে গতকাল চতুর্থ দিনে আবারও ২ কোটি রুপির উপরে আয় ছাড়িয়েছে ‘ধূমকেতু’র। এমনটাই জানিয়েছে সিনেমার যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’।
এই ছবির মাধ্যমে দীর্ঘ এক দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির টালিউডের জনপ্রিয় এই জুটি। এর আগে বাংলা সিনেমায় দেব-শুভশ্রীর পাঁচটি ছবি মুক্তি পেয়েছিল। ‘ধূমকেতু’ এই জুটির ছয় নম্বর সিনেমা।
এবার দেখে নেওয়া যাক ‘ধূমকেতু’ সিনেমার অফিসিয়াল বক্স অফিস সংগ্রহের চিত্র- প্রথম দিন (বৃহস্পতিবার) ২ দশমিক ১৮ কোটি রুপি, দ্বিতীয় দিন (শুক্রবার) ৩ দশমিক শূন্য ২ কোটি রুপি, তৃতীয় দিন (শনিবার) ১ দশমিক ৮৭ কোটি রুপি।
অর্থাৎ ৫ দিনেই ১০ কোটির দোরগোড়ায় পৌঁছে আবারও ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় এ জুটি। সিনেমার অন্যতম প্রযোজক রানা সরকার ইতোমধ্যেই ‘ধূমকেতু ২’-এর ইঙ্গিতও দিয়ে রেখেছেন।
/এমএস