কয়েক বছর ধরেই অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্যারিয়ারে বইছে বসন্তের হাওয়া। সালমানের খানের সঙ্গে ‘সিকান্দার’ ছবি বাদ দিলে সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনীত ছবিগুলো একের পর এক বক্স অফিসে রেকর্ড গড়ে যাচ্ছে। ‘পুষ্পা’ থেকে শুরু করে ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’, ‘ছাভা’ সর্বশেষ ‘কুবেরা’- সব ধরনের চরিত্রেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রাখছেন এ তারকা। রাশমিকা অভিনীত সিনেমাগুলোও ব্যবসায়িক দিক থেকে পাচ্ছে বড় সাফল্য।
নতুন করে সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় আসছেন ‘পুষ্পা’খ্যাত এ অভিনেত্রী। এবার এমন এক চরিত্রে তাকে দেখা যাবে যেটা, রাশমিকার ক্যারিয়ারে আগে ঘটেনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত হরর-কমেডি ছবি ‘থামা’-র টিজার। এই ছবির মাধ্যমে প্রথমবার ভৌতিক ঘরানার সিনেমায় পা রাখছেন রাশমিকা মান্দানা। টিজারে তার নতুন অবতার এবং রহস্যময় উপস্থিতি দর্শকদের মধ্যে ইতোমধ্যে আলোচনার ঝড় তুলেছে। এতে রাশমিকার বিপরীতে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে।
এ ছাড়া টিজারের শেষে দেখা গেছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। যা সিনেমাতে যোগ করবে অনন্য মাত্রা।
টিজারটি প্রকাশের পরপরই অভিনেত্রীর ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ কেউ তো তাকে ‘সর্বকালের সবচেয়ে আইকনিক ভ্যাম্পায়ার’ বলে আখ্যা দিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘রশ্মিকার কাছ থেকে আমি ঠিক এটাই আশা করি।’ আরেকজন বলেন, ‘এ কারণেই তাকে প্যান-ইন্ডিয়ার নায়িকা বলা হয়।’ একজন তো বলেই দিয়েছেন, ‘এ মুহূর্তে ইন্ডাস্ট্রিতে রাশমিকার সমতুল্য কেউ নেই, বাকিদের থেকে সে ধরা-ছোঁয়ার বাইরে।’
ভক্তদের প্রতিক্রিয়া থেকে এটা স্পষ্ট, ভাষা ও অঞ্চল পেরিয়ে দেশজুড়ে এ অভিনেত্রী কতটা দৃঢ় সংযোগ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। ভক্তরাও বিশ্বাস করেন এ সিনেমায়- আকর্ষণ, রোমাঞ্চ ও শক্তিশালী উপস্থিতির সমন্বয়ে রাশমিকা অনবদ্য এক অভিনয় উপহার দিতে যাচ্ছেন।
‘থামা’ ২০২৫ সালের ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছবির মাধ্যমে হরর-কমেডি জনরায় অভিষেক করছেন রাশমিকা। এখন দর্শকরা অপেক্ষা করছেন ছবিটি মুক্তির জন্য।
/এমএস