যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এ বছরের ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। সম্মানজনক এই পুরস্কারটি চার্চ অব সায়েন্টোলজির পক্ষ থেকে প্রদান করা হয়েছে। অনেকদিন ধরেই এ অভিনেতা দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
পুরস্কার নিয়ে মিলন মিলন কৃতজ্ঞতার সুরে বলেন, ‘‘আমি সত্যিই সম্মানিত। তবে এই পুরস্কার কেবল আমার নয়, এটি লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং একাডেমির প্রতিটি সদস্যের। তাদের অবদান ছাড়া এ অর্জন সম্ভব হতো না।’’
বাংলাদেশের বহু জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেছেন মিলন। তবে এখন তিনি যুক্তরাষ্ট্রে বাস করছেন। তাই দেশে অভিনয়ের কাজে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না তাকে।
যুক্তরাষ্ট্রের শিল্পীদের প্রভাবশালী সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ (সেগ-আফট্রা) এর সদস্য হয়েছেন তিনি। মিলনকে হলিউডের অভিনেতা হিসেবে নাম লেখানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা ‘এম আর-৯: ডু অর ডাই’।
২০২৫ সালের শুরুতে এ অভিনেতা বলেছিলেন, ‘‘আমি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত। যে কারণে এখন আমি হলিউডের মূলধারার সিনেমায় অভিনয় করার সুযোগ তৈরি করতে পারছি। এখন আমাকে হলিউডের কাজের জন্য ছুটতে হবে।’
সবশেষ মিলনকে বাংলাদেশে ‘মায়া’ সিনেমায় দেখা গেছে। মিলন জানান, বাংলাদেশ থেকে কাজের প্রস্তাব পেলেও সেগুলোয় অভিনয় করা তার পক্ষে সম্ভব নয়। যে কারণে তিনি যুক্তরাষ্ট্রেই নিয়মিত অভিনয়ের চেষ্টা করছেন। এরই মধ্যে কিছু কাজে যুক্তও হয়েছেন।
/এমএস