ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি। অভিনেতা থেকে নেতা হয়েছেন তিনি। বর্তমানে সিনেমাকে গুডবাই জানিয়ে রাজনীতিতে মনোনিবেশ করেছেন। এবার নরেন্দ্র মোদির দলকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে যুদ্ধের ডাক দিয়েছেন এই অভিনেতা ও নেতা।
থালাপতি বিজয় গত বৃহস্পতিবার ২১ আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এই ঘোষণা দেন বিজয়। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই ছিল তার দলের অন্যতম বড় শোডাউন।
সম্মেলনে বিজয় বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকেও ভয় পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’
সমাবেশে তিনি আরও বলেন, ‘সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি—তামিলরা বিজেপির সঙ্গে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গেও তামিলদের সম্পর্ক হবে না।’
উল্লেখ্য, গত বছর তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন থালাপতি বিজয়। আগামী বছরের বিধানসভা নির্বাচনে এটিই তার প্রথম শোডাউন।
/এমএস