ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দুর্দান্ত সময় পার করছেন বলিউড ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পর এই অভিনেত্রী একের পর এক নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন। গত বছর মুক্তিপ্রাপ্ত বলিউডের ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ গান দিয়ে ব্যাপক আলোড়ন তোলেন তিনি। এর পর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোহিত শেঠির পরিচালনায় আসন্ন ‘ভান’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এ তারকা।
এবার নতুন করে জানা গেল, বলিউডের জনপ্রিয় হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রাগিণী এমএমএস’-এর তৃতীয় কিস্তিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
প্রযোজক একতা কাপুর দীর্ঘদিন ধরেই ‘রাগিণী এমএমএস ৩’ নিয়ে পরিকল্পনা করছিলেন। অবশেষে ছবিটি নিয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেন। চলতি বছর শেষের দিকে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘ভান’-এর সেটে একতা কাপুর তামান্নার সঙ্গে সিনেমার স্ক্রিপ্টটি শেয়ার করেন। গল্পের ভৌতিক অংশটি অভিনেত্রীকে বিস্মিত করে। এই সিনেমায় গান নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। ছবির নির্মাতা বিশ্বাস করেন, ‘রাগিণী এমএমএস ৩’ বছরের অন্যতম সেরা একটি ব্যবসাসফল সিনেমায় পরিণত হতে পারবে।
উল্লেখ্য, ‘রাগিণী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পায় ২০১১ সালে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও কৈনাজ মোতিওয়ালা। বছর তিনেক পর ২০১৪ সালের সিকুয়েলটি সানি লিওনের ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এবার তৃতীয় কিস্তিতেও এর নির্মাতা পুরোনো সাফল্য ধরে রাখতে চান।
এ ছাড়া প্রযোজক একতা কাপুর আরও বেশ কিছু সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।
/এমএস