জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেতের গ্রন্থনা, উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় এই ম্যাগাজিন অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা হয়ে থাকে। নব্বইয়ের দশক থেকে মূলত দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে স্টুডিওর বাইরে গিয়ে ইত্যাদির পর্ব ধারণ করা হয়। এবার ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন ব্রিটিশ আমলে নির্মিত শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
অনুষ্ঠানের শুটিংয়ে আমন্ত্রিত দর্শকের পাশাপাশি হাজারো দর্শক ভিড় করেন অনুষ্ঠানস্থলে।
এবারের ইত্যাদিতে থাকছে দুটি গান। একটি ভোলাকে ঘিরে পরিচিতিমূলক গান। এতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানের সঙ্গে নৃত্যে অংশ নেন স্থানীয় শতাধিক শিল্পী। গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন করেছেন মেহেদী। অন্য গানটি গেয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। রবিউল ইসলাম জীবনের লেখায় এর সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
দর্শকপর্বে ভোলা জেলার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব অতিথি হয়ে অংশ নেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভোলার কৃতী সন্তান, এভারেস্টজয়ী এমএ মুহিতের সাক্ষাৎকার। তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয় করার সময় নিশাত মজুমদারের সঙ্গে ‘ইত্যাদি’ লেখা ব্যানার হাতে নিয়েছিলেন কেন, তার উত্তর মিলবে এই পর্বে।
অনুষ্ঠানে থাকছে ভোলা জেলার ইতিহাস, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি, মহিষকেন্দ্রিক ব্যবসা, জেলেদের জীবনযাত্রা ও বিদেশি প্রতিবেদন হিসেবে চীনের বেইজিং সামার প্যালেস।
প্রতিবারের মতো এবারের ইত্যাদির নিয়মিত নাট্যাংশ। এতে দেখা যাবে সমসাময়িক নানা প্রসঙ্গ-কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম বৃদ্ধা, সাংস্কৃতিক বিতর্ক, সন্তানের মোবাইল আসক্তি, সিনেমার প্রচারণা, ভাইরাস আতঙ্ক, চোরের সংজ্ঞা। এতে অভিনয়ে অংশ নিয়েছেন দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, শাহেদ আলীসহ আরও অনেকে।
আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
/এমএস