যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী অ্যামি অ্যাডামস। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম এই তারকা এবার লুকাসফিল্মের পরবর্তী মহাকাশ কাহিনি ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ সিনেমায় যোগ দিয়েছেন। ইতোমধ্যে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে এর শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন ‘ডেডপুল’ ও ‘উলভারিন’খ্যাত নির্মাতা শন লেভি। আর প্রধান চরিত্রে আছেন তারকা অভিনেতা রায়ান গসলিং।
ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, ছবিতে আরও অভিনয় করছেন ফ্লিন গ্রে, সাইমন বার্ড, ম্যাট স্মিথ, মিয়া গথ, জামায়েল ওয়েস্টম্যান ও ড্যানিয়েল ইঙ্গস। আর সব শেষ সংযোজন হিসেবে অভিনয়শিল্পীর তালিকায় যোগ দিয়েছেন অ্যামি অ্যাডামস ও অ্যারন পিয়ের।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন জোনাথন ট্রপার। আর এটি প্রযোজনা করছেন লেভি ও লুকাসফিল্মের সভাপতি ক্যাথলিন কেনেডি। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন গসলিং, ড্যান লেভাইন, মেরি ম্যাকলাগলেন এবং জোশ ম্যাকলাগলেন।
বহুল আলোচিত এ সিনেমার শুটিং শুরু উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান লুকাসফিল্ম সম্প্রতি এমন একটি ছবি প্রকাশ করেছে, যেখানে গসলিং ও ফ্লিন গ্রেকে ১৯৭৭ সালের ‘স্টার ওয়ার্স: আ নিউ হোপ’-এ ব্যবহৃত ল্যান্ডস্পিডারের সামনে দেখা যাচ্ছে। যদিও সিনেমার কাহিনি ও চরিত্রগুলো কেমন হবে সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রের চরিত্রটি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিনেমার কাজ শুরু করতে পেরে উচ্ছ্বসিত পরিচালক শন লেভি বলেন, ‘প্রযোজনাটি শুরু করতে পেরে আমি খুবই উত্তেজিত ও সম্মানিত বোধ করছি। ক্যাথলিন কেনেডির আমন্ত্রণে এই মৌলিক অ্যাডভেঞ্চারের অংশ হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো। আশা করি, এই সিনেমাটি দর্শকদের অন্যরকম এক অভিজ্ঞতা উপহার দেবে।’
লুকাসফিল্ম জানিয়েছে, ‘স্টারফাইটার’ হবে একেবারে মৌলিক গল্প, যা আগে কখনো ‘স্টার ওয়ার্স’-এ দেখা যায়নি। ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ ২০২৭ সালের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’, যা ২০১৯ সালের ‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’-এর পর বড় পর্দায় প্রথম ‘স্টার ওয়ার্স’ সিনেমা।
/এমএস