বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। গত ২৯ আগস্ট তার অভিনীত নতুন সিনেমা ‘পরম সুন্দরী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটি মুক্তির পরপরই এর প্রচারণায় দুই তারকা যোগ দেন কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে।
অনুষ্ঠানে আলাপচারিতার এক পর্যায়ে এর সঞ্চালক কপিল শর্মা জাহ্নবীর বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গ তোলেন। এ সম্পর্কে জাহ্নবী জানান, তিনি ভবিষ্যতে স্বামী ও তিন সন্তান নিয়ে দক্ষিণ ভারতে স্থায়ী হতে চান। তখন তাকে কপিল জিজ্ঞেস করেন তিন সন্তানই কেন? যার জবাবে শ্রীদেবী কন্যা বলেন, ‘তিন আমার জন্য লাকি নম্বর। আর ঝগড়া সাধারণত দুইজনের মধ্যে হয়, তাই তৃতীয়জন থাকলে ভারসাম্য রক্ষা সম্ভব।’ সহঅভিনেত্রীর এমন মন্তব্যে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা হাসিতে ফেটে পড়েন।
তবে জাহ্নবীর এমন ভাবনা কিন্তু নতুন কিছু নয়। এর আগেও এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন এ অভিনেত্রী। কোমল নাহতার শোতেও জাহ্নবী জানিয়েছিলেন, স্বামী ও তিন সন্তান নিয়ে দক্ষিণ ভারতের তিরুমালা তিরুপতিতে বসবাস করার স্বপ্ন রয়েছে তার। সেখানে কলাপাতায় খাওয়া, মোগরা ফুলের সুগন্ধে ভরা পরিবেশ ও মণি রত্নমের গান শোনার জীবনযাপন কল্পনা করেন তিনি।
এত জায়গা থাকতে তিরুপতিতেই কেন স্থায়ী হতে চান অভিনেত্রী? এর অন্যতম কারণ তার মা বলিউড কিংবদন্তি শ্রীদেবী দক্ষিণ ভারতের মেয়ে। এই এলাকার প্রতি তার বিশেষ আবেগ রয়েছে। প্রতিবছর নিজের জন্মদিনে ও প্রয়াত মা শ্রীদেবীর জন্মবার্ষিকীতে তিনি ওই মন্দিরে যান। করণ জোহর একবার মজার ছলে জিজ্ঞাসা করেছিলেন, ‘লুঙ্গি পরা একজন পুরুষ কলাপাতায় খেয়ে কীভাবে রোমান্টিক হতে পারে?’ উত্তরে জাহ্নবী বলেন, ‘হ্যা, এটা রোমান্টিক।’
এ ছাড়া বিয়ে প্রসঙ্গে জাহ্নবী জানান, তিনি দক্ষিণ ইতালির ক্যাপ্রিতে একটি ইয়টে ব্যাচেলোরেট পার্টির পরিকল্পনা করেছেন। তবে তার মূল বিয়ের অনুষ্ঠান হবে তিরুপতিতে, আর চেন্নাইয়ের মাইলাপুরে শ্রীদেবীর পৈতৃক বাড়িতে আয়োজন হবে মেহেন্দি ও সঙ্গীতের। সাজসজ্জা হবে ঐতিহ্যবাহী, যেখানে থাকবে মোগরা ও মোমবাতির ছোঁয়া।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় আছেন এ অভিনেত্রী। শিখর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউডে দীর্ঘদিন ধরে জোর গুঞ্জন চলছে। তবে বিয়ে নিয়ে জাহ্নবী আপাতত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখন জীবন নিয়ে খুব খুশি। আমার বা তার কারওরই এই মুহূর্তে পরিবার গড়ে তোলার ইচ্ছা নেই।’
বর্তমানে জাহ্নবী কাপুর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তার অভিনীত ‘পরম সুন্দরী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
/এমএস