ভারতের হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব। সম্প্রতি এই অভিনেত্রী তার সহ-অভিনেতার কাছে হেনস্তার শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায়, এই অভিনেত্রীর শরীরে আপত্তিকর স্পর্শ করছেন ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং। তৎক্ষণাৎ এই ঘটনায় কোন প্রতিক্রিয়া না দেখালেও পরবর্তীতে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আর কাজ করবেন না বলেও জানিয়েছেন অঞ্জলি।
সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন অঞ্জলি। ভিডিওবার্তায় তিনি জানান, অনেকেই জানতে চাইছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মারেননি। আবার কেউ কেউ তাকে হাসতে দেখিয়ে সমালোচনা করছেন। প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।’
অঞ্জলি জানান, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পবন সিং তার কোমরের দিকে ইশারা করেন। প্রথমে তিনি ভেবেছিলেন শাড়িতে কিছু একটা আটকে আছে। নতুন শাড়ি পরা ছিল বলে ভেবেছিলেন হয়তো ট্যাগ বা ব্লাউজের ট্যাগ দেখা যাচ্ছে। তাই হেসে বিষয়টি এড়িয়ে যান। পরে টিমের সদস্যরা জানান, কিছুই ছিল না।
অভিনেত্রী আরও বলেন, ‘কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতেই হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’ তিনি জানান, তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে। এর পরই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আর কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অভিনেত্রী।
/এমএস