চলতি বছরের মার্চ মাসে গ্রেপ্তার হন ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও। তার বিরুদ্ধে দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগ ছিল। দুই মাস পর জামিন পেলেও তার বিরুদ্ধে ঠিকই মামলা চলছিল। এবার সেই মামলায় রান্যা রাওকে প্রায় ১০২ কোটি টাকা জরিমানা করা হলো।
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, জরিমানার টাকা পরিশোধের জন্য তাকে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। এমনকি এই কারণে নিজের সম্পত্তিও হারাতে পারেন রান্যা। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স অভিনেত্রীকে এই জরিমানা করেছে।
রান্যার পাশাপাশি এই মামলায় আরও তিন জনকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে তরুণ কোন্দুর রাজুকে ৬৭.৬ কেজি সোনা পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা, সাহিল জৈন ও ভারত জৈনকে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৬৩.৬১ কেজি সোনা পাচারের অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিআরআই এই চার জনের বিরুদ্ধে প্রায় ২৭০ কোটি টাকা জরিমানা করেছে।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও ভারতের সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে। দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে তাকে আটক করা হয়। পরে গত ৩ মার্চ সোনা পাচার মামলায় গ্রেপ্তার হন কন্নড় সিনেমা এই অভিনেত্রী। তার কাছে নিয়ম-বহির্ভূতভাবে বিপুল সোনা পাওয়া গেছে।
/এমএস