উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, কাহিনিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছেন তিনি। গুণী গীতিকবি ও নির্মাতার প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বিশেষ উদ্যোগ নিয়েছে।
চ্যানেল টোয়েন্টি ফোর-এ সকালের সংবাদ এবং রাতের বিনোদন বুলেটিনে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে কথা বলবেন তার সহধর্মিণী মিসেস জোহরা গাজী। এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ও সাবিনা ইয়াসমিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গান গাইবেন অপু আমান ও রাকিবা ঐশী। চ্যানেল আইতে সকাল ৭টা ৪০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে গাইবেন অনন্যা, স্মরণ ও টুশি।
গাজী মাজহারুল আনোয়ার ও সাবিনা ইয়াসমিনকে শ্রদ্ধাঞ্জলী জানাতে এনিগমা টিভিতে রাত ৮টায় ‘কিংবদন্তির কথা’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত সুরকার সংগীত পরিচালক শেখ সাদী খান, সংগীতশিল্পী রফিকুল আলম, শিল্পী অনুপমা মুক্তি ও সাব্বির জামান। এ আয়োজনে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করবেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার।
এদিকে আজ রাত ১০টা ৫০ মিনিটে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে এটিএন বাংলার বিশেষ ‘মিউজিক লাউঞ্জ’-এ গান পরিবেশন করবেন শিল্পী রাশেদ, স্মরণ ও পিয়াল। আজ রাত ১০টার পর বিটিভিতে প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গান গেয়ে পরিচয়’।
রুহানী লাবণ্যর উপস্থাপনায় এ আয়োজনে গান পরিবেশন করবেন রাশেদ, সাব্বির জামান, স্মরণ, পুষ্পিতা, নদী। এ আয়োজনে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে কথা বলবেন প্রখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলম (একটি গানও গেয়েছেন তিনি), মিসেস জোহরা গাজী, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল, মিউজিসিয়ান সাদেক আলী, গীতিকার মুনসী ওয়াদুদ।
/এমএস