দক্ষিণী সিনেমার সুপারস্টার নায়িকা সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যের সঙ্গে সংসার ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ইতোমধ্যেই নাগা চৈতন্য শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন। অন্যদিকে সামান্থা রুথ প্রভুও বসে নেই। নতুন প্রেমে মজেছেন এই তারকা। সম্প্রতি খবর রটেছে প্রেমিকের সঙ্গে লিভ ইনও করছেন এই অভিনেত্রী।
এবার প্রেমিকের সঙ্গে দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন সামান্থা। সম্প্রতি দুবাই যান দক্ষিণী এই সুপারস্টার নায়িকা। সেখানে তার প্রেমিক পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে হাত ধরে থাকার এক ঝলক সামনে এনেছেন তিনি। আর এই দৃশ্য দেখে রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘প্রতিপক্ষ যতই বুদ্ধিহীন হোক, তোমার উত্তর যেন বুদ্ধিদীপ্ত হয়।’ তিনি আরও লেখেন, ‘সবকিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। তোমার ওপর যাতে কোনো কিছুর প্রভাব না পড়ে, নিজেকে এতটাই নির্লিপ্ত করে নাও।’
রাজের সঙ্গে সামান্থা ঘনিষ্ঠ ছবি শেয়ার করার পরই শ্যামলীর এই পোস্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, ২০২১-এ নাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। এরপর দীর্ঘদিন মানসিক অবসাদে ভূগছিলেন সামান্থা। দীর্ঘদিন সময় নিয়ে অবশেষে রাজকেই মন দিয়েছেন এই অভিনেত্রী। এদিকে রাজও ঘর বেঁধেছিলেন শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে। শ্যামলীর সঙ্গে সেই ঘর টেকেনি। ২০২২ সালে বিচ্ছেদ হয় তাদের। সামান্থার সঙ্গে রাজের ঘনিষ্ঠতা বাড়ে ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করার সময়। তার পর থেকেই প্রেমের গুঞ্জন ওঠে মিডিয়ায়।
/আবরার জাহিন