জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রোববার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিল্পী এককভাবে গান পরিবেশন করেন। আর গানে গানে মুগ্ধ করেন শ্রোতাদের। সুরের মূর্ছনায় স্মরণীয় করে তোলেন আয়োজিত সন্ধ্যা।
অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদর্শিত হয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের উপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’। এরপর সমবেত নৃত্য ‘গীতিময় সেই দিন চিরদিন বুঝি আর এলো নাপরিবেশন করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
সাবিনা ইয়াসমিনকে নিয়ে স্মৃতিচারণ করেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা, নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম ও আবিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খ্যাতিমার অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন পরিবেশন করেন ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘জন্ম আমার ধন্য হলো’ প্রভৃতি গানগুলো।
/এস লুপিন