দক্ষিণের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় এই অভিনেত্রীর মৃত্যুর গুজব গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই নায়িকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। এসবে বিব্রত হয়ে কাজল নিজেই জানালেন, নিরাপদে ও সুস্থ আছেন তিনি।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। কাজল লিখেছেন, ‘আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।’
সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন এই অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।
২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে অভিষেক হয় তার। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তারকা খ্যাতি পান কাজল।
২০০৪ সালে ‘কিউঁ! হো গায়া না...’ ছবির মাধ্যমে প্রথম বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর একে একে কাজ করেছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমায়।
সবশেষ ‘কান্নাপ্পা’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কাজল। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ’—এ। এই সিনেমায় মন্দোদরীর চরিত্রে অভিনয় করছেন কাজল।
/এমএস