নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। তার গাওয়া ‘একটা চাদর হবে’ গানটি সে সময় তুমুল জনপ্রিয়তা পায়। হঠাৎ করেই গান থেকে বিরতি নেন এই গায়ক। গত বছর নতুন গান প্রকাশের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে ফিরেন আবারও গানে তিনি। গানটির শিরোনাম ছিল ‘আসমান জমিন’। এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করছেন এ শিল্পী।
সম্প্রতি সুমনের গাওয়া নতুন ও পুরোনো সাতটি গান নিয়ে জি সিরিজ প্রকাশ করেছে একটি অডিও জুকবক্স। এতে রয়েছে ‘আসমান জমিন’, ‘যদি ভাব তুমি’, ‘সুস্মিতা’সহ পাঁচটি নতুন গান ও দুটি পুরোনো গান।
এ সম্পর্কে জেনস সুমন বলেন, ‘আগে একসঙ্গে অ্যালবাম প্রকাশ হতো। এখন একেকটা গান আলাদা বের হয়, যা অনেকের কাছে খুঁজে পাওয়া কঠিন। তাই এক জায়গায় গানগুলো শোনার সুবিধার জন্যই জুকবক্স প্রকাশ করা হলো।’
অডিওর পর এবার ভিডিও জুকবক্সের প্রস্তুতিও নিচ্ছেন এই সংগীতশিল্পী। আগামী মাসে গান জানালা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে এই জুকবক্স। এই চ্যানেলে ইতোমধ্যেই তিনটি গান প্রকাশিত হয়েছে। আরও একটি নতুন গান যোগ করে সেটি প্রকাশের পরিকল্পনা রয়েছে তারা।
নতুন করে গানে ফেরা সম্পর্কে সুমন বলেন, ‘এক কথায় এটা আমার কাছে পুনর্জন্ম। আবার নতুন করে গান শুরু করতে পেরে মনে হচ্ছে আমি একেবারে নতুন শিল্পী। সংগীতচর্চায় যা যা দরকার চেষ্টা করছি সবকিছু করার। আশাকরি শ্রোতাদের ভালোবাসা পাব।’
তিনি জানান, আমরা নব্বইয়ের দশকের শিল্পী। তাই আমাদের গানে সে সময়ের ছাপ থাকে। এরপরও তরুণদের চাহিদা মাথায় রেখে চেষ্টা করছি টেকনো, আরএনবি, হিপহপ ঘরানায় কাজ করার। এরই মধ্যে চারটি গান তৈরি হয়েছে। দুটি গান প্রকাশ করবে জি সিরিজ। অন্য দুটি আসবে গান জানালা ইউটিউব চ্যানেলে।
/এমএস