এ সময়ের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। এর আগেও জুটি বেঁধে একসঙ্গে নাটকে অভিনয় করেছেন তারা। আবারও একটি নাটকে অভিনয় করলেন এই দুই তরুণ তুর্কি। মেহেদী হাসান জনির পরিচালনায় ‘আমাদের গল্পটা এখানে শেষ’ শিরোনামের একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন তারা। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।
আরশ খান বলেন, ‘কাজটি সুন্দর হয়েছে। দর্শকরা একটু অন্য রকম গল্পের নাটক দেখতে পাবেন। গতানুগতিকধারার বাইরে এর গল্পটি সাজানো হয়েছে। কাজটি করে আমি আনন্দিত।’
নাটকটি সম্পর্কে প্রিয়ন্তী উর্বী বলেন, ‘নাটকের গল্পটি দারুণ। দর্শকদের ভালো লাগবে। আমি এর আগেও আরশ খান এবং নির্মাতা মেহেদী হাসান জনি ভাইয়ের সঙ্গে কাজ করেছি। আবারও কাজ করলাম। কাজের অভিজ্ঞতা ভালো। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্য লিখেছেন মেহেদী হাসান জনি। নাটক সম্পর্কে তিনি বলেন, ‘নাটকটির গল্প স্যাড রোমান্টিক। গল্পটা বলতে চাই না। কারণ একটি টুইস্ট ঘিরেই এর মূল গল্প। সেটা বলে দিলে দর্শকের আর আগ্রহ থাকবে না। আরশ ও প্রিয়ন্তীর অভিনয় ভীষণ প্রাণবন্ত ছিল। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।
/এমএস