করোনা মহামারির সময়ে পুরো বিশ্ব যেন থমকে গিয়েছিল। লকডাউনের কারণে এক দেশ থেকে আরেক দেশের যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। ওই সময় পিপলু আর খান নির্মাণ করেছিলেন সিনেমা ‘জয়া আর শারমিন’।
সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। এতে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার। অতিথি চরিত্রে আছেন তানজিম সাইয়ারা তটিনী। সিনেমাটি গত মে মাসে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এবার দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ২৫ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে বলে জানা গেছে।
সিনেমার গল্পে দেখা যায়, করোনার সময়ে সম্পূর্ণ ভিন্ন সামাজিক স্তরের দুই নারী একজন অভিনেত্রী ও তার গৃহকর্মী, একটি ঘরের মধ্যে আবদ্ধ। সেই নির্জন আবদ্ধতায় তাদের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এক ভঙ্গুর সম্পর্ক, যা একসময় বিচ্ছিন্ন হয়ে পড়ে নিঃসঙ্গতা ও সম্পর্কের পরিবর্তনের ভারে।
সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘এই সিনেমায় কাজের অভিজ্ঞতা অন্য কাজের সঙ্গে মেলানো যায় না। এটি করোনাকালীন লকডাউনে নির্মিত সিনেমা। আমি এর শুটিং শেষ করে বাসায় যেতাম না। কারণ বাসায় মা থাকতেন। দায়িত্বশীলতা থেকেই এটা করতাম আমরা। এর শুটিং হয়েছে রাজধানীর বনানীতে। কিন্তু একদম নিশ্চুপ ছিল চারদিক। কোনো আওয়াজ পেতাম না। আমাদের লাইভ সাউন্ড রেকর্ড হয়েছে। কোনো ডাবিং করতে হয়নি। শুটিংয়ের সময় আমরা ভাবছিলাম এটা কি আমাদের শেষ অভিনয়? হতেই পারে এটা আমাদের শেষ কাজ।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘প্রেক্ষাগৃহে মুক্তির সময় যারা দেখেছেন তারা তো বলেছেন এটা রিয়েল একটা সিনেমা, খুব অনেস্টি নিয়ে বানানো হয়েছে। আমরা আমাদের মতো কাজ করেছি, দেখার পর মানুষ এটার নানা অ্যাঙ্গেল বের করেছেন। এ সিনেমায় অভিনয়টা ঠিক অভিনয়ের মতো না। জীবন আমরা যেটা যাপন করেছি, সেটাই ক্যামেরায় দেখা গেছে। ওটিটিতে মুক্তির কারণে এটা আরও অনেক মানুষ দেখতে পারবেন এবং সেই সময়কে খোঁজার চেষ্টা করবেন।’
/এমএস